করোনভাইরাস মহামারির বিস্তার রোধে জার্মান সরকার এবং জার্মানির সংখ্যাগরিষ্ঠ ১৬টি ফেডারেল রাজ্য ৩১ জানুয়ারি পর্যন্ত লকডাউন বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে ১৬টি রাজ্যের প্রধানমন্ত্রীদের বৈঠকের পর আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে। আলোচনার পর দুটি রাজ্য বাদে সবাই জানুয়ারির শেষ পর্যন্ত লকডাউন বাড়াতে একমত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় সংবাদপত্র আরএনডি নেটওয়ার্ক জানিয়েছে, আলোচনার বিষয়বস্তুতে ডেকেয়ার সেবা ও স্কুল বন্ধ রাখার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। জার্মানির সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, একমাত্র পুরোপুরি লকডাউন খুললেই ক্লাসের জন্য স্কুলগুলো চালু করা হবে।
জার্মানিতে প্রথমবারের মতো সর্বোচ্চ মৃত্যুসংখ্যা এক হাজার ছাড়িয়েছে গত ৩০ ডিসেম্বর। জার্মানিতে এ পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি মানুষ করোনায় মারা গেছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পান সোমবার বলেছেন, সংক্রমণের হার এখনো অনেক বেশি। নিষেধাজ্ঞা আরো বাড়ানো প্রয়োজন হবে বলেও জানান তিনি। এদিকে দেশটিতে ২৬ ডিসেম্বর টিকা কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত দুই লাখ ৬৪ হাজারেরও বেশি লোককে টিকা দেওয়া হয়েছে।
সূত্র : ডি ডাব্লু।